পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক, আরও নির্মাণের ঘোষণা অর্থমন্ত্রীর
পতেঙ্গায় সড়কের দুই পাশে সাইকেল ট্র্যাক নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৬:৪৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ০৯:২৬
চট্টগ্রামের পতেঙ্গায় সাইকেল ট্র্যাক চালু করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন একটি সড়কের দুই পাশে এই সাইকেল ট্র্যাক নির্মাণ করে। শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সাইকেল ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ট্র্যাকে সাইকেল চালান।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে। সাইকেলের মাধ্যমে অনেকে অফিসে যায়। আবার অফিস থেকে ফিরে আসে। কাজকর্ম করে। এটা কিন্তু যানবাহনের বড় অংশ। তাই যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে তাদের জন্য কিছু জায়গা তো করে দিতেই হবে। এ সরকারের নীতি হচ্ছে সবার জন্য। প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে। সাইকেল ট্র্যাক এরই একটি অংশ।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মাধ্যমে যাতায়াত করতে পারে, বিনোদনের জন্য, এক্সারসাইজের জন্য যেতে পারে- ক্রমান্বয়ে অনেক ট্র্যাক হবে। যারা হাঁটতে পারে না জায়গার অভাবে, ঘরবন্দী হয়ে বসে থাকে; আমি মেয়রকে অনুরোধ করেছি, যেখানে সম্ভব তাদের হাঁটার জন্য রাস্তা করে দেন। খালের দুপাড়ে রাস্তা করে দেন। হাঁটার জায়গা থাকতে হবে। মানুষকে বাইরে যেতে হবে, হাঁটতে হবে।’ ঘরে বন্দী হলে মানুষের মানসিক অবস্থা খারাপ হয় এবং সেটাও বাংলাদেশে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘সাইকেল শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। সুস্থ থাকার জন্য সাইকেল অনেকে বাসায় চালায়, এটা হচ্ছে স্টেশনারি সাইকেল। সাইকেল তো রাস্তায় চলতে হবে তাই না? সাইক্লিস্টদের জন্য একটা স্পেস দেওয়ার জন্য চট্টগ্রামের মেয়র উদ্যোগ নিয়েছেন। এটার জন্য অনেকবার উনার সঙ্গে আলাপ হয়েছে। আজ সাইক্লিস্টদের জন্য যেটা হয়েছে এটা মাত্র শুরু।’
অর্থমন্ত্রী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অংশ নেওয়া তিনজন এমপি যথাক্রমে- এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামুল হককে তাদের এলাকায় সাইক্লিস্টদের জন্য রাস্তা ও হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরি করে দেওয়ার আহ্বান জানান। এছাড়া সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে এ বিষয়ে আরও উদ্যোগ নিতে বলেন এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, সাইকেল ট্র্যাক শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়; বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে অগ্রযাত্রার প্রতীক। তিনি জানিয়েছেন, ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের এ সড়কের দুই পাশে নির্মাণ করা হয়েছে ফুটপাত। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক তৈরি করা হয়েছে।