কম্পিউটার ল্যাব ছাড়া বর্তমান বিশ্বে কোনো স্কুল চলতে পারে না: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৮:১৬ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১৮:১৬
বর্তমান বিশ্বে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো স্কুল চলতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান বিশ্বে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো স্কুল চলতে পারে না। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’
শুক্রবার দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনার ধরন বদলে গেছে। এখন কম্পিউটারের মাধ্যমে বিশ্বের সেরা লাইব্রেরিগুলোর সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত কম্পিউটার ল্যাব নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এ ঘাটতি দূর করা জরুরি।
নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের কথাও জানান তিনি। এ সময় তিনি শুধু বিজ্ঞান নয়, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়েও শিক্ষার্থীদের উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন। এছাড়া অনুষ্ঠানে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।