দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দেবেন: আমান উল্লাহ আমান
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ২৩:৩৩
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে কেরানীগঞ্জে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিন শিফটে পাহারার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি। শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জনঘাট উদ্বোধন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এবং উপজেলার ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘‘বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’’ এই নীতিকে সামনে রেখেই বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে জন্য তারা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানান।
দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে আমান উল্লাহ আমান বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি দল উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি অঙ্গীকারের কথা উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে ভোট দিয়েছেন। আমি সেই ভোটের প্রতিদান দেব।
কেরানীগঞ্জ মডেল উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিপেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
- বিষয় :
- হিন্দু
- বিএনপি
- আমানউল্লাহ আমান