ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নৌকাবাইচ-মেলায় পদ্মাতীরে আনন্দ উচ্ছ্বাস

নৌকাবাইচ-মেলায় পদ্মাতীরে আনন্দ উচ্ছ্বাস
×
×

বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের পদ্মা নদীতে শুক্রবার অনুষ্ঠিত নৌকাবাইচ সমকাল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

দুপুর গড়িয়ে পড়ার পর পরই রাজশাহীর বাঘার পদ্মার তীরজুড়ে নারী পুরুষের ভিড়। নৌকাবাইচ দেখা বলে কথা। কেউ নদীর তীরে কেউ নৌকায় নদীর ভেতরে। পদ্মার বুকে উত্তাল তরঙ্গ। কাঁসর-ঢোলের সঙ্গে মাঝির সুর। রোদের আলোয় ঝলসে ওঠা বৈঠার কসরত। হাজার বছরের লোকজ ঐতিহ্য আর গ্রামবাংলার সংস্কৃতিকে জাগ্রত রাখতে বাঘায় গত বৃহস্পতিবার শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও লোকজ গ্রামীণ মেলা। আজ শনিবার পর্যন্ত পদ্মার তীরে চলবে তিন দিনব্যাপী এই উৎসব।

উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারসংলগ্ন পদ্মা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, এবারের প্রতিযোগীদের উৎসাহিত করতে রাখা হয়েছে এক লাখ টাকার আকর্ষণীয় প্রাইজমানি।

প্রথম দিন গত বৃহস্পতিবার নৌকাবাইচ মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। নৌকাবাইচকে কেন্দ্র করে বাঘা, চারঘাট, লালপুরসহ আশপাশের গোটা অঞ্চলে বইছে বাঁধভাঙা উৎসবের আমেজ। যেন এক মিলন 
মেলা। তিন দিনব্যাপী আয়োজনে ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ গানের তালে তালে কাঁধে কাঁধ মিলিয়ে জলতরঙ্গে নৌকা নিয়ে ছোটেন মাঝিমাল্লারা। নদীর দুই তীরে হাজারো মানুষ সাক্ষী হয়ছেন এই বীরত্বগাথার।
আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে নদীসংলগ্ন এলাকায় বসেছে বিশাল গ্রামীণ মেলা। মেলায় স্থান পেয়েছে মৃৎশিল্প, কাঁসা-পিতল, গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে শিশুদের মনকাড়া হরেক রকমের খেলনা ও মুখরোচক মিষ্টির পসরা।

নৌকাবাইচ দেখতে আসা বাজু বাঘা গ্ৰামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন নৌকাবাইচ মেলায়। তিনি জানালেন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে জাগ্রত রাখতে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। তাঁর মতে নদী মরে যাওয়ায় অনেক স্থানে সংস্কৃতি হুমকির মুখে পড়েছে।
আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, আমাদের মূল লক্ষ্য নতুন প্রজন্মের কাছে বাংলার হারিয়ে যাওয়া শিকড়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখা। এবারের নৌকাবাইচ ও লোকজ গ্রামীণ মেলায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। তাদের অংশগ্রহণে এটি এক বিপুল জনসমাগমে রূপ নিয়েছে। 

আরও পড়ুন

×