ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নারীদের সম্মান বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: এস এম জিলানী

নারীদের সম্মান বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: এস এম জিলানী
×
×

এস এম জিলানী। ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৩:৩৬

আমাদের সমাজে নারীরা অবহেলিত, কারণ তারা আয় করেন না। সমাজ ও পরিবারে নারীদের সম্মান বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, গত ১৭ বছরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করে দিয়েছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের অর্থনীতি ভালো থাকলে সব পরিবারকে একসঙ্গে কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হতো। তবে বর্তমান সরকারের দক্ষতায় অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার। এ সময় যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৫ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারকে ডিজিটাল ট্যাব বিতরণ করা হয়।

আরও পড়ুন

×