ধর্ম যার যার বাংলাদেশ সবার: হুইপ দুলু
মন্দিরে নগদ অর্থ অনুদান প্রদান করছেন সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সমকাল
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:২৮
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ধর্ম যার যার বাংলাদেশ সবার। মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, হিন্দু-আমরা সবাই বাংলাদেশি। আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশি। বাংলাদেশ হচ্ছে আপনাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র।’
শনিবার বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে নাটোর পৌরসভার ৫০টি মন্দিরে নগদ অর্থ অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আরও বলেন, এবার শুধু রাজশাহী বিভাগেই ৩৫১টি মণ্ডপে বেশি পূজা হচ্ছে। এটা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারার প্রতিফলন। এজন্য আপনাদের তারেক জিয়াকে ধন্যবাদ দেওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এমদাদুল হক আল মামুনসহ দলের নেতাকর্মীরা।
নাটোর পৌরসভার মেয়র প্রার্থী ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন বলেন, পৌরসভার ৫০টি মণ্ডপের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
নাটোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা বলেন, পূজার আনন্দ সবার। এবার সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের আনন্দ ভাগ করে নিতে পারবেন। এই আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বিসর্জনের দিন সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলায় এবার মোট ৪০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
- বিষয় :
- মন্দির
- নাটোর-২
- রুহুল কুদ্দুস তালুকদার দুলু