ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
×
×

ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৫:৩৫

সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)-এর কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার বাহিনীর আব্দুল্লাহ গ্রুপের আটজন এবং মজিদ গ্রুপের সাতজন আত্মসমর্পণ করেন। শনিবার দুপুরে তাদের এসআরবি-৬-এর কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ নিয়ে গত ৪০ দিনে সুন্দরবনের ছয়টি বনদস্যু বাহিনীর ৭৪ জন সদস্য আত্মসমর্পণ করলেন। এতে বনজীবীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, সুন্দরবনে বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে এসআরবি-৬। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে ও আত্মসমর্পণ করতে আগ্রহ প্রকাশ করছেন। এর ধারাবাহিকতায় আগে চারটি দস্যু বাহিনীর ৫৯ জন এবং শুক্রবার আরও একটি বাহিনীর ১৫ জন সদস্য আত্মসমর্পণ করেছেন।

তিনি আরও জানান, আত্মসমর্পণকারী বনদস্যুদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×