দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
ছবি-সংগৃহীত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৯:৪৫
দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, দুর্গাপূজা সর্বজনীন ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করে আসছেন। দুর্গাপূজাও যেন এবার সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সামাজিক সম্প্রীতির বন্ধন দৃঢ় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মণ্ডপের কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ছিদ্দিকুর রহমান এবং নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সায়েদুর রহমান।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হিন্দু ধর্মীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।
এবার নান্দাইল উপজেলায় ৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
- বিষয় :
- তথ্য প্রতিমন্ত্রী
- দুর্গাপূজা