নওগাঁয় চাল আত্মসাত ও মৃত্যু সনদ জালিয়াতি, দুই চেয়ারম্যান বরখাস্ত
মো. ফখরুদ্দীন আলী (বায়ে) ও রেজাউল ইসলাম -সংগৃহীত ছবি
নওগাঁ প্রতিনিধি ও রাণীনগর সংবাদদাতা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০ | ০৫:৪৮
নওগাঁয় ভিজিডির চাল আত্মসাত ও মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে জেলার রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম ও পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের চেয়ারম্যান মো. ফখরুদ্দীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরীত পৃথক পত্রে ওই দুই চেয়ারম্যানকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার নওগাঁ জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা গেছে, গত ৪ আগস্ট রানীনগর উপজেলার একডালা ইউনিয়নে দুস্থদের মধ্যে বিতরণের জন্য ৩ হাজার ৯৪০ কেজি চাল গুদাম থেকে উত্তোলন করে পরিষদ। পরে উত্তোলনকৃত চাল খোলা বাজারে বিক্রি করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন ইউনিয়নের যাত্রাপুর গ্রামে অভিযান চালিয়ে জয়েন উদ্দীন, বাবু ও মজিবর রহমানের বাড়ি থেকে ৩ হাজার ৯৪০ কেজি চাল উদ্ধার করে। এঘটনায় পরের দিন ইউনিয়ন পরিষদের সচিব সেলিনা আক্তার বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এছাড়া চেয়ারম্যান রেজাউল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়।
এদিকে জেলার পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদের মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারে অন্য ব্যক্তির মৃত্যু সংক্রান্ত তথ্যে ঘষামাজা করে ওই এলাকার বাসিন্দা কান্দুরা টপ্য নামে এক আদিবাসীর নাম বসানো এবং প্রকৃত মৃত্যুর তারিখ পরিবর্তনের অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান মো. ফখরুদ্দীন আলীর বিরুদ্ধে। পরে জেলা প্রশাসনের তদন্তে অভিযোগ প্রমাণিত হয় এবং ওই চেযারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রির্পোট পাঠানো হয়।
তবে একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় দাবি করে এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান। পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের চেযারম্যানও নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এব্যাপারে জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ জানান, ওই দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার আদেশ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
- বিষয় :
- চাল আত্মসাত
- সনদ জালিয়াতি
- চেয়ারম্যান
- রাজশাহী
- নওগাঁ
