ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ
×
×

সাজেক-বাঘাইহাট সড়কে পিকেটার সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে। ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১২:০৮

স্থানীয়দের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে রোববার ভোর ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার একই দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকরা। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যটনকেন্দ্রটিতে বেশ কিছু পর্যটক আটকে পড়েছেন।

এর আগে শনিবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র দল সাজেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা সাধারণ মানুষকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এসব ব্যক্তিকে গ্রেপ্তার এবং স্থানীয়দের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘জেএসএস নামধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’

সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, নিরাপত্তা স্কর্টে ছোট-বড় গাড়ি ও মোটরসাইকেল মিলিয়ে ৯০টি যানবাহন সাজেকে প্রবেশ করেছে। এতে ৯০০-এর বেশি পর্যটক সাজেকে গেছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, অবরোধের কারণে সকালের পরিবর্তে দুপুর ২টায় স্কর্ট যাওয়ার কথা রয়েছে। দুপুরের সরকারি স্কর্টে পর্যটকদের নিয়ে যাওয়া হবে এবং খাগড়াছড়ি থেকে পর্যটকবাহী গাড়ি আসবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, অবরোধের কারণে সাজেক-বাঘাইহাট সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

×