দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
চার ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি। ছবি: সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১২:৫০
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় এ চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
রোববার সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করেন। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
বিজিবির গোয়েন্দা তথ্য, টহল দলের সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্থানীয়দের সহযোগিতায় বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।
উল্লেখ্য, এর আগেও দৌলতপুর সীমান্ত দিয়ে কয়েক দফায় বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে এসব চেষ্টা ব্যর্থ হয়।