পানির ন্যায্য হিস্যা দিয়ে প্রমাণ করবে ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৫:০৩
পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারত প্রমাণ করবে, তারা বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ— এমন আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভারত গ্যারান্টি ক্লজ যুক্ত করে চুক্তিটি নবায়ন করবে এবং দেশটির সঙ্গে সংযুক্ত ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করবে বলে আশা করেন।
রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল। গ্যারান্টি ক্লজ যুক্ত করে চুক্তি নবায়ন করা হলে সেই বিতর্কের অবসান হবে। এর মাধ্যমে ভারত প্রমাণ করবে, তারা বাংলাদেশের প্রকৃত বন্ধু।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, দলীয় নেতাকর্মী এবং সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
মীরগড়ের কাঠের সেতু এলাকায় ২০৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পাওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান। পরে প্রতিমন্ত্রী জেলা শহরের বিভিন্ন স্থানে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংবলিত লিফলেট বিতরণ করেন।