ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু
×
×

সাদমান রহমান নাবিল। ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো ও শাবি সংবাদদাতা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৬:০০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাদমান রহমান নাবিল মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন আখালিয়া তপোবন আবাসিক এলাকার সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাবিল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

শাবি গেট থেকে মদিনা মার্কেটের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন নাবিল। তবে অন্য কোনো যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা বা সংঘর্ষ হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে মাউন্ট এডোরা হাসপাতালে এবং পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জালালাবাদ থানার পরিদর্শক মুজাহিদুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

রোববার দুপুরে ময়নাতদন্ত ছাড়াই নাবিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×