ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন
×
×

প্রতীকী ছবি

যশোর অফিস

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৬:২২

যশোরে করিমন চুরি করে পালানোর অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামান নামে আরও একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার গভীর রাতে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত, আহত ও নিখোঁজ তিনজনই ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। পালাতে গিয়ে তাঁরা চান্দুটিয়া সুইস খালের দিকে যান। একপর্যায়ে মিজানুর ও বিল্লাল খালে ঝাঁপ দেন। পরে মনিরুজ্জামান ও মিজানুরকে আটক করে স্থানীয় লোকজন গণপিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুজ্জামানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, খালে ঝাঁপ দেওয়া বিল্লালের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন খালে নিখোঁজ রয়েছেন। তিনি খালে আছেন, নাকি পালিয়ে গেছেন, তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ নিয়ে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।

আরও পড়ুন

×