ভবিষ্যতে ২০০টিরও বেশি উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে: বিমানমন্ত্রী
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:৫৪
প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা উল্লেখ করে ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও নতুন প্রজন্মের মেধার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বিমান পরিবহন খাতকে আরও সম্প্রসারিত করার কথা জানান তিনি।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, ‘আমি চাই, বিমান শুধু ৩৫টা না, আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে ও বিকশিত হচ্ছে, তাদের মেধা অনুযায়ী এই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি।’ তিনি জানান, এসব উড়োজাহাজ দেশে পৌঁছাতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে তা সম্পন্ন হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমানে বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখা এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে নতুন উড়োজাহাজের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন। ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনাকে তিনি ভবিষ্যতের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর পদক্ষেপ হিসেবে দেখছেন।
আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক স্লট নিশ্চিত করার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া, পর্যটন খাতের বিকাশে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুলাহেল মাজেদ।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১ হাজার ২০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।