খাদ্যনিরাপত্তা নিশ্চিতে অবহেলা-গাফিলতি বরদাশত করা হবে না: মন্ত্রী
কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:৫৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৯:১২
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ‘দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ সরকার। খাদ্যশস্য আমদানি থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ ও বিতরণসহ প্রতিটি ক্ষেত্রে শতভাগ সততা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা মান যাচাইয়ে গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না।’
আজ রোববার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আসা গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
আফরোজা খানম বলেন, ‘আমদানিকৃত গমের মান যাচাইয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ধারিত মানদণ্ড মেনেই খাদ্যশস্য পরীক্ষা করতে হবে। নিম্নমানের কোনো পণ্য গ্রহণ ও সরবরাহের বিন্দুমাত্র সুযোগ নেই। এক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের চরম পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাদ্য ব্যবস্থাপনার মতো যে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তা পূরণে সবার সমন্বিত উদ্যোগ জরুরি।’
মন্ত্রী বলেন, ‘এরইমধ্যে খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করা হবে। দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়েন, সেটি নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো পর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা বা খাদ্যশস্যের মান যাচাইয়ে শৈথিল্য গ্রহণযোগ্য হবে না।’
তিনি আরও বলেন, ‘নির্ধারিত প্যারামিটার অনুসরণ করে খাদ্যশস্য পরীক্ষা করতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে, যাতে কোনো অবস্থাতেই নিম্নমানের খাদ্যশস্য বাজারজাতের সুযোগ না থাকে। দায়িত্বশীলদের মনে রাখতে হবে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক দায়িত্ব।’ এসময় খাদ্য অধিদপ্তর ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- খাদ্যমন্ত্রী
- আফরোজা খানম