ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পদ্মায় জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষ, পোড়ানো হয় দুই স্পিডবোট

পদ্মায় জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষ, পোড়ানো হয় দুই স্পিডবোট
×
×

ছবি: সংগৃহীত

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২০:৩৫

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে ডুবিয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শুনেছেন স্থানীয়রা।

আজ রোববার দুপুর ১২টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়া ও মাধবপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জলদস্যুদের চারটি স্পিডবোট চলাচল করছিল। একপর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে এক পক্ষ অন্য পক্ষের দুটি বোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান আরোহীরা। পরে প্রতিপক্ষের লোকজন বোট দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

নদীর তীরবর্তী পানবরজে কাজ করা চাষিরা গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর নদীতে আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। স্থানীয়রা আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটি টেনে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেবে।

এ বিষয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

×