শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানায় মীমাংসার চেষ্টা
গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২২:১৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ২২:১৫
কুমিল্লার দেবিদ্বারে মাজহারুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে অভিযুক্ত যুবককে ১০টি জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে গত ৫ অক্টোবর ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত মাজহারুল ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার দরিদ্র ও নিরীহ হওয়ায় ঘটনাটি চেপে যেতে বলেন গ্রামের একটি প্রভাবশালী মহল। একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে গত ৭ অক্টোবর শিশুটির পরিবারকে সালিশে বসতে বাধ্য করা হয়। সালিশ অভিযুক্তকে ১০টি জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানা করেন মাতবররা। শিশুটির স্বজনরা সেই বিচার না মানলে সালিশ বৈঠকেই দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সালিশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
ভুক্তভোগী শিশুর চাচি জানান, ২০২৪ সালে শিশুটির বাবা হত্যাকাণ্ডের শিকার হন এবং তার লাশ গুম করা হয়। তখন শিশুটির বয়স ছিল মাত্র তিন বছর। এরপর থেকে তিনিই শিশুটিকে লালন-পালন করছেন। গত ৫ অক্টোবর বিকেলে চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে নির্জন ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় মাজহারুল। এসময় শিশুটির ফুফু তাকে হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা সালিশে মীমাংসার আশ্বাস দিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নেন এবং কাউকে কিছু না জানাতে পরিবারটিকে ভয়ভীতি দেখান। এমনকি ঘটনাটিকে ‘মিথ্যা ও সাজানো’ প্রমাণের জন্য গত ৯ অক্টোবর গ্রাম্য মাতবররা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। এদিকে আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির একটি বক্তব্য ভাইরাল হলে ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হয়। এ ঘটনায় শিশুটির চাচি বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরিবারটিকে প্রথমে জোর করে গ্রাম্য সালিশে নেওয়া হয়েছিল। সেখানে সমাধান না হওয়ায় শিশুটির চাচি থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাজহারুল পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
- বিষয় :
- কুমিল্লা
- ধর্ষণচেষ্টা
- জরিমান
- জুতাপেটা