ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর ভবনের সামনে গণঅনশন 

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর ভবনের সামনে গণঅনশন 
×
×

চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে গণঅনশন। ছবি- মো. রাশেদ

চট্টগ্রাম ব‍্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১২:১৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:১৬

এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে গণঅনশন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দাবি পূরণ না হলে এখান থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা। বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই  গণঅনশন শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। 

অনশন চলার সময় ‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না’, ‘গো ব্যাক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর বলেন, ‘গোপন এই চুক্তি বাতিল করতে অনেকদিন ধরেই আমরা আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি না মেনে জোর করে চুক্তি করেছে সরকার। এটি বাতিল করতে হবে।’ 

আরেক আন্দোলনকারী নেতা ইব্রাহিম খোকন বলেন, ‘গণঅনশনে সর্বস্তরের মানুষ অংশ নেবে। কাজ বন্ধ রেখে বন্দরের শ্রমিক কর্মচারীরাও অংশ নিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করবো। দাবি পূরণ না হলে এখান থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’

এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণঅনশন

আন্দোলনকারীরা জানান, ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিনই তারা বিক্ষোভ মিছিল করে সরকারকে আলোচনার জন‍্য দুই দিনের সময় দিয়েছিলেন। কিন্তু আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তাই পূর্বঘোষণা অনুযায়ী গণঅনশন করছি।

৮ অক্টোবর আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান চুক্তিতে সই করেন। 

এই চুক্তি অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে এনসিটি পুরোপুরি বুঝে নিয়ে অপারেশনাল কাজ শুরু করবে ডিপি ওয়ার্ল্ড।

আরও পড়ুন

×