ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পুকুরপাড়ে ঘুমন্ত ব্যক্তিকে পিটুনির পর ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

পুকুরপাড়ে ঘুমন্ত ব্যক্তিকে পিটুনির পর ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
×
×

সুধারাম মডেল থানা

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৩:১৭

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৩০) ও শাশুড়ি কবরী বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। সোমবার সকালে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওসির দায়িত্বে থাকা মো. ইদ্রিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমির হোসেনের মেয়ে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামালের সঙ্গে তানিয়ার পারিবারিক কলহ ছিল। এ বিরোধের জেরে পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল বিভিন্ন সময় সাবেক স্ত্রীকে বিরক্ত করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কিছুদিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে যান। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে সেখানে থাকতে দেননি। এরপর থেকে মেয়েকে দেখতে তিনি শ্বশুরবাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার পুকুরপাড়ের ঘাটলায় ঘুমাতেন। এ সময় মাথার নিচে ইট ব্যবহার করতেন তিনি।

পুলিশ জানায়, গত শনিবার মাদ্রাসার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল ইট দিয়ে তার সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। এ ঘটনার জেরে রোববার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ (২০)। ওই রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে লাঠি ও ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালক জড়িত বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×