সন্ধ্যায় নিখোঁজ, সকালে পুকুরে মিলল শিশুর লাশ
হোসাইন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৪:৪৪
চট্টগ্রামের আনোয়ারায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় ছয় বছরের শিশু হোসাইন। স্বজনদের খোঁজাখুঁজি, এলাকায় মাইকিং এবং থানায় সাধারণ ডায়েরি করেও সন্ধান মেলেনি। ১৬ ঘণ্টা পর সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভেসে ওঠে তার লাশ।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। হোসাইন ওই এলাকার রমজান আলী হাজী বাড়ির আব্দুর রহিমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি এলাকায় মাইকিং করা হয়। কোথাও সন্ধান না পেয়ে রাত ৯টার দিকে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা আব্দুর রহিম।
সোমবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করা হয়।
হোসাইনের চাচা মো. জাবেদ বলেন, সন্ধ্যা থেকে ভাতিজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান মেলেনি। ভেবেছিলেন, হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু সকালে বাড়ির পাশের পুকুর থেকেই তার লাশ উদ্ধার করতে হয়েছে। এভাবে তাকে হারাতে হবে, কখনও ভাবেননি তারা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। শিশুটি সাঁতার জানত না। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- শিশুর মৃত্যু
- পানিতে ডুবে মৃত্যু