বগুড়ায় কিশোর গ্যাং ‘সুইট গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার
বগুড়ায় কিশোর গ্যাংয়ের গ্রেপ্তার দুইজন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:০০
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্মিজ চাকু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় কিশোর গ্যাং ‘সুইট গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরশাদুল রহমানের ছেলে এবং ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইট (১৯) ও একই উপজেলার বিলকেশপাথার এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল জানান, সুইট নামের এক তরুণের হাতে একটি বার্মিজ চাকু প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, বিশেষ ভঙ্গিতে চাকু প্রদর্শনের ওই ভিডিও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ধারণ ও প্রচার করা হয়েছিল।
বিষয়টি প্রশাসন ও সচেতন মহলের নজরে এলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে ডিবি পুলিশ তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
- বিষয় :
- গ্রেপ্তার
- কিশোর গ্যাং