ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এদেশে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে: আমান উল্লাহ আমান

এদেশে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে: আমান উল্লাহ আমান
×
×

ছবি: সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:০৯

সাবেক মন্ত্রী ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান উল্লাহ আমান বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদের রক্তের পথ ধরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। এরপর ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তাই গণ-অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে হবে।

সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘৯০ এর গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকায় পুলিশের গুলিতে নিহত তৎকালীন ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের গ্রামের বাড়িতে যান আমান উল্লাহ আমান। সেখানে শহীদ জেহাদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও বিশ্বদরবারে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, সরকারের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি ও অগ্রযাত্রা ব্যাহত করতে দেশে ঘাপটি মেরে থাকা গুপ্ত ও ফ্যাসিস্টরা একসঙ্গে ষড়যন্ত্র শুরু করেছে। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এমপি, খাইরুল কবির খোকন এমপি, বিএনপি নেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার ও জাহিদুল ইসলাম মিষ্টার এবং শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উল্লাপাড়া শাখার সভাপতি ওবাইদুল ইসলাম মাহবুব প্রমুখ।

এর আগে আমান উল্লাহ আমান শহীদ জেহাদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁর বাড়ির সামনের সড়কে কয়েকটি গাছ রোপণ করেন এবং মিলাদ মাহফিলে অংশ নেন।

আরও পড়ুন

×