ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে চা-বাগানে দুর্গাপূজার বোনাসে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে চা-বাগানে দুর্গাপূজার বোনাসে অনিয়মের অভিযোগ
×
×

কানিহাটি চা বাগানে পাতি উত্তোলনের পর ওজনের জন্য অপেক্ষায় থাকা নারী চা শ্রমিকরা। ছবি- সমকাল

মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৮:২৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ১৯:১৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে চা-শ্রমিক সংঘ। সংগঠনটির নেতাদের দাবি, অনেক বাগানে এখনো বোনাস দেওয়া হয়নি। আবার যেসব বাগানে বোনাস দেওয়া হয়েছে, সেখানেও শ্রমিকেরা প্রাপ্য অর্থ পাননি।

১২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চা-শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা এসব অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হলেও এ বছর এখনো অনেক বাগানের শ্রমিকেরা উৎসব বোনাস পাননি।

সংগঠনটির অভিযোগ, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর ও তিলকপুরসহ বিভিন্ন চা-বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মস্থলে উপস্থিতির ভিত্তিতে হাজিরা বা উৎসাহ বোনাস দেওয়া হচ্ছে। এতে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

চা-শ্রমিক সংঘের নেতারা বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২(২ক) ধারা, বাংলাদেশ শ্রমবিধিমালা, ২০১৫-এর ১১১(৫) বিধি এবং ২০২৩ সালের ১০ আগস্ট প্রকাশিত চা-শিল্পের নিম্নতম মজুরির গেজেট অনুযায়ী উৎসব বোনাস দেওয়ার বিধান রয়েছে বলে তারা মনে করেন। তাদের দাবি, এসব বিধানে কাজে উপস্থিতির শর্তে উৎসব বোনাস দেওয়ার কথা বলা হয়নি।

সংগঠনটির হিসাব অনুযায়ী, দৈনিক ১৯৬ টাকা ৮০ পয়সা মজুরি ধরে ৫৫ দিনের মজুরি ১০ হাজার ৮২৪ টাকা। এর ৬০ শতাংশ হিসাবে একজন শ্রমিকের ৬ হাজার ৪৯৪ টাকা ৪০ পয়সা উৎসব বোনাস পাওয়ার কথা। তবে শমশেরনগর চা-বাগানের শেফালী রেলীকে ৪ হাজার ৮৭০ টাকা, চাতলাপুর চা-বাগানের সাবিত্রি নাউড়কে ১ হাজার ৩০০ টাকা এবং দেওছড়া চা-বাগানের রামনারায়ণ গৌড়কে ৩ হাজার ২৪৭ টাকা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

চা-শ্রমিক সংঘের অভিযোগ, চা-বাগান কর্তৃপক্ষ শ্রম আইন, শ্রমবিধি ও সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট লঙ্ঘন করে শ্রমিকদের বঞ্চিত করছে। এ ছাড়া আইন ও চুক্তি অনুযায়ী ক্যাজুয়াল শ্রমিকদের সমান মজুরি দেওয়ার বিধান থাকলেও অধিকাংশ বাগানে তাঁদের কম মজুরি দেওয়া হচ্ছে বলে দাবি সংগঠনটির।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্গাপূজার আর মাত্র চার দিন বাকি থাকলেও মালনীছড়া ও রাজনগরসহ অনেক চা-বাগানে বোনাস দেওয়া হয়নি। এমনকি কয়েকটি বাগানে শ্রমিকদের বকেয়া মজুরিও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

×