গ্রিল কেটে ঢুকে মন্দিরের অলংকার ও মূর্তি চুরি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২০:৩৮
গ্রিল কেটে ঢুকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে স্বর্ণ-রূপার অলংকার, পিতলের পাঁচটি মূর্তি ও প্রণামি বাক্স থেকে টাকা নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগরে অবস্থিত মন্দিরে এই ঘটনা ঘটে। সোমবার সকালে পূজার জন্য এসে বিষয়টি টের পান পুরোহিত। সংবাদ পেয়ে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
চুরি যাওয়ার মূর্তির মধ্যে রয়েছে– একটি রাধামূর্তি, গৌর নিতাইয়ের দুটি মূর্তি, ছোট-বড় দুটি গোপালের মূর্তি। প্রণামি বাক্সে জমা ছয় মাসের টাকাও খোয়া গেছে। তবে কি পরিমাণ স্বর্ণ-রুপার অলংকার ও টাকা চুরি গেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তীর ভাষ্য, সোমবার সকালে পূজা দিতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তাঁর ধারণা, গত রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকালের মধ্যে এ ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, সকালে খবর পেয়ে এসে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। মেরামত কাজের জন্য ওই পাশের সিসি ক্যামেরা খোলা ছিল বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান মন্দিরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করেছেন।
সংবাদ পেয়ে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সকালে ঘটনাস্থলে যায়। তাঁর ভাষ্য, কীভাবে এ ঘটেছে তা জানার চেষ্টা করছেন।
থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজে একজনকে দেখা গেছে। তাঁকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এদিন দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘গ্রিল কেটে চোর ঢুকেছে। মন্দির সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেদিক দিয়ে চোর ঢুকেছে সেদিকে আগে সিসি ক্যামেরা ছিল। কিন্তু সম্প্রসারণ কাজের জন্য সেদিকে এখন ক্যামেরা নেই। তবে শিবমন্দিরের একটি ক্যামেরায় এক যুবককে দেখা গেছে।’
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- মূর্তি
- চুরি