দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের প্রতীক: এমপি সৈয়দ ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২০:৫৪
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশের মানুষ বিভিন্ন ধর্ম ও মতের অনুসারী হলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যেরও প্রতীক।
সোমবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফয়সল। চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার সবার ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে সম্মান করে। ধর্ম পালন করা মানুষের সাংবিধানিক অধিকার। তাই প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সরকার সে বিষয়ে আন্তরিক। শারদীয় দুর্গাপূজা যাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সৈয়দ মোহাম্মদ ফয়সল আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। দুর্গাপূজায় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পূজামন্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহবান জানিয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, মাধবপুর ও চুনারুঘাটে কোনো চাঁদাবাজ ও দখলদারের ঠাঁই হবে না। বিএনপি সাম্য ও সমতার রাজনীতিতে বিশ্বাস করে। কারও ওপর জুলুম-নির্যাতন নয়, বরং সবার অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সায়হাম গ্রুপের এমডি সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, বিএনপি সেক্রেটারি অ্যাডভোকেট মীর সিরাজসহ বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ।
- বিষয় :
- সৈয়দ ফয়সল
- দুর্গাপূজা