রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনায় সিলেটে গানে গানে প্রতিবাদ
ছবি: সংগৃহীত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২৩:১০
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনার প্রতিবাদে সিলেটে ‘গানে গানে প্রতিবাদ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।
কর্মসূচিতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় শিল্প, সাহিত্য, সংগীত, নাটক ও কবিতাকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন; তিনি বাঙালির ভাষা, সাহিত্য, সংগীত, শিল্পবোধ ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।
বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অসম্মানজনক ও উদ্বেগজনক। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে অসম্মান করার যে চর্চা শুরু হয়েছে, তা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, আবু জাফর, প্রণব কান্তি পালসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
- বিষয় :
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রতিবাদ কর্মসূচি
- সিলেট