২১ ঘণ্টা পরও অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ সাবেক শিক্ষার্থী
প্রশাসনিক ভবনে অবরুদ্ধ অবস্থায় একজন অসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স আসে। ছবি: সংগৃহীত
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৯:৫৭
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ২১ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের অবরোধ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অব্যাহত রয়েছে। এদিকে, রাত ২টার দিকে উপাচার্যের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. শাহরিয়ার অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে চুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়।
শাহরিয়ার অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি উপাচার্য ভবনের ভেতরে অবস্থানরত অন্যদের মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে। এর আগে সোমবার দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছাড়ার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় ভবনের বিভিন্ন ফটকে তালা দেওয়া হয়। পাশাপাশি বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। ফলে টানা ২১ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ভবনের ভেতরে থাকা ব্যক্তিরা।
জানা যায়, সোমবার রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য ভবনের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করা হলেও উপাচার্য তা গ্রহণ করেননি। পরে পুলিশ প্রশাসনের উদ্যোগে তাঁদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়। তবে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ থাকায় ভবনের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।
এদিকে, উপাচার্য ভবনের সামনে রাতভর পাহারায় ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যকে ভবন থেকে বের হতে না দেওয়ার অবস্থানে অনড় রয়েছেন তারা। অধ্যাপক শেখ শরীফুল আলমের পদত্যাগ এবং সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এর আগে সোমবার রাত ১০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চুয়েটে আসেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে উপাচার্যের মানবিক সংকট বিবেচনায় নিয়ে খাবার ও পানির ব্যবস্থা করা যায় কি না, তা দেখতে এসেছেন। শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করতে আসেননি বলেও জানান তিনি। এ সময় উপাচার্যের জন্য বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি বিবেচনা করতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি। তবে আলোচনায় সমাধান না হওয়ায় পরে ফিরে যান অংছিং মারমা।
উল্লেখ্য, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন বলে জানা যায়। পরে রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর সকাল ১০টার দিকে উপাচার্য ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিন গড়িয়ে রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও তাদের অবরোধ অব্যাহত রয়েছে।
- বিষয় :
- চুয়েট
- উপাচার্য
- অবরুদ্ধ
- অসুস্থ
- শিক্ষার্থী