ঝালকাঠি কারাগারে অসুস্থ মাদক মামলার আসামি, হাসপাতালে মৃত্যু
ছবি-সংগৃহীত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১৩:৫৬
ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কাজল রেখা (৩৫) নামে মাদক মামলার এক নারী আসামির মৃত্যু হয়েছে। সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝালকাঠি জেলা কারাগারের জেলার বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজল রেখা মাদকাসক্ত ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাঁর মৃত্যু হয়।
কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।
- বিষয় :
- ঝালকাঠি
- হাজতির মৃত্যু