ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিলেটে হাসপাতালে শিশু ধর্ষণ: ১৯ বছর পর আসামির যাবজ্জীবন

সিলেটে হাসপাতালে শিশু ধর্ষণ: ১৯ বছর পর আসামির যাবজ্জীবন
×
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৬:৩৪

সিলেটের বালাগঞ্জে হাসপাতালের ভবনে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার ১৯ বছর পর মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।

জেলা ও দায়রা জজ এবং জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমেল খাঁ বালাগঞ্জ উপজেলার গোলমুকাপন গ্রামের তৈমুছ খাঁর ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ২২ বছর।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির চাচা দুলাল মিয়া বাদী হয়ে পরদিন ৬ নভেম্বর বালাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল সুমেল খাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায়ে আদায়কৃত ১০ লাখ টাকা জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আসামি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ না করলে সিলেটের জেলা প্রশাসককে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোশতাক আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আয়শা বেগম শেলী।

আরও পড়ুন

×