ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নিজের বাড়ির কাজ হলে কি এভাবে করতেন, কারখানা তত্ত্বাবধায়ককে রেলমন্ত্রীর প্রশ্ন

নিজের বাড়ির কাজ হলে কি এভাবে করতেন, কারখানা তত্ত্বাবধায়ককে রেলমন্ত্রীর প্রশ্ন
×
×

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলমন্ত্রী শেখ রবিউল আলম

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৮:৪১

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে কারখানার তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে তিনি বলেন, নিজের বাড়ির কাজ হলে কি এভাবে করতেন? পরে ত্রুটিপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার চেয়ে সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার পক্ষেও মত দেন মন্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী।

কারখানার তত্ত্বাবধায়ককে সরাসরি জবাবদিহির আওতায় এনে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের এত বড় একটি কারখানায় এত নিম্নমানের কাজ হচ্ছে, যা না দেখলে বিশ্বাস করা কঠিন। সাধারণ একটি ওয়ার্কশপও এর চেয়ে ভালো কাজ করতে পারে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা দেশের রেল খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পদ। বর্তমান সরকার এ কারখানার সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছে। সম্ভাবনা যাচাই-বাছাই করে আধুনিক প্রযুক্তি সংযোজন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কারখানাটি আধুনিকায়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×