ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে রাতে এক নারীকে কুপিয়ে, অন্যজনকে ভোরে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে রাতে এক নারীকে কুপিয়ে, অন্যজনকে ভোরে গলা কেটে হত্যা
×
×

সুফিয়া আক্তার নিশি ও মাকসুদা বেগম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ২০:৪৫

নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন হয়েছেন। তাঁদের একজনকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যজনকে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে। বৃদ্ধাকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতরা হলেন- বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে সুফিয়া আক্তার নিশি (২৪) ও মাহমুদপুর এলাকার প্রয়াত নাজির সরদারের স্ত্রী মাকসুদা বেগম (৭২)।

ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা
মঙ্গলবার ভোর ৪টার দিকে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকার পুরোনো মসজিদসংলগ্ন বাবার বাড়িতে খুন হন গৃহবধূ সুফিয়া আক্তার নিশি। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার রাতে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নিশি ঘুমিয়ে পড়লে ভোরে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কাটেন মনির। এরপর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ। হত্যার পর মনির নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনার দায় স্বীকার করেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে হত্যা
এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মাহমুদনগর এলাকায় ভাঙারি ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাকসুদা বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলে রাসেল (৪২) ও প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ছেলে জজ মিয়া জানান, তাঁর ভাই নাদিম হোসেনের সঙ্গে একই এলাকার সাদ্দামের ভাঙারি ব্যবসার পাওনা ২২ লাখ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে নাদিমের পাওনা টাকা চাইতে যান তাঁর মা মাকসুদা বেগম। এ সময় সাদ্দাম ও হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে তাঁর মায়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীদের কোপে ঘটনাস্থলেই মাকসুদার মৃত্যু হয়।

মাকে বাঁচাতে এগিয়ে গেলে রাসেল ও প্রতিবেশী শফিকুলকেও কুপিয়ে জখম করা হয়।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, মাকসুদার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×