সাজেকের পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
ছবি: সমকাল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৪:১০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১৪:৩৯
সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা পর্যটন ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বুধবার শহরের শাপলা চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে সাজেকের পর্যটনশিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং স্বাভাবিক পর্যটন কার্যক্রম চালুর দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাজেক শুধু একটি পর্যটনকেন্দ্র নয়; এটি স্থানীয় মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসার অন্যতম প্রধান অবলম্বন। পর্যটন কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলে স্থানীয় অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।
তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে আবারও পর্যটন কার্যক্রম চালুর উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাজেকের মতো দুর্গম ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি প্রয়োজন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
- বিষয় :
- খাগড়াছড়ি
- পর্যটক
- সাজেক
- মানববন্ধন
- নিষেধাজ্ঞা