ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: রিজভী
×
×

ছবি- সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৯:৪৪

দেশকে অস্থিতিশীল করতে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। তবে সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের বিমানবন্দরে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও উল্লেখ করেন রিজভী।

তিনি আরও অভিযোগ করেন, দেশে ও বিদেশে বসে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কাছে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ এসব চক্রান্তকারীদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফেরাতে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছেন। অসহায় মানুষের জন্য ভাতা কার্ড দেওয়া হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে জ্বালানিসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করছে। শিগগিরই সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি ১০টি সেলাই মেশিন এবং চারজন অসহায় মানুষের মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াবা ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন, মোস্তফা কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গাজীরটেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের বাগানবাড়িতে পৌঁছালে রিজভীকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

আরও পড়ুন

×