বরিশালে পুলিশি বাধায় পণ্ড জাপার মিছিল, আটক ৪
ছবি: সংগৃহীত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২১:৫৬
বরিশালে পুলিশের বাধায় মিছিল করতে পারেনি জাতীয় পার্টি (জাপা)। মিছিল শুরুর আগেই দলটির প্রেসিডিয়াম সদস্য মহসিন উল ইসলাম হাবুলসহ চারজনকে আটক করা হয়।
বুধবার বিকেলে নগরের জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, মিছিল করার জন্য আগে অনুমতি নেয়নি জাপা।
আটক অন্যরা হলেন– জেলা জাপার সদস্য সচিব অ্যাডভোকেট এমএম জলিল, মহানগরের যুগ্ম আহ্বায়ক ফোরকান তালুকদার, জেলা শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর ফকির ও তরুণ পার্টির মহানগর সভাপতি জুম্মান হায়দার।
বরিশাল মহানগর জাপার প্রচার সম্পাদক জুম্মান হায়দার জানান, দলের চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পূর্বঘোষণা অনুযায়ী বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। নগরের দক্ষিণ চকবাজার জেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরুর প্রস্তুতি নেন তারা। অধ্যক্ষ হাবুলসহ নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন। তখন পুলিশ এসে জানায়, মিছিল করা যাবে না। জাপা নেতাকর্মীদের সেখান থেকে চলে যেতে বলে। হাবুলসহ কিছু নেতাকর্মী অদূরে লঞ্চঘাট এলাকায় চট্টগ্রাম রেস্তোরাঁ নামে একটি খাবারের দোকানে গিয়ে বসেন। পুলিশ সেখানে গিয়ে হাবুলকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিছু নেতাকর্মী থানায় তাকে দেখতে গেলে পুলিশ আরও তিনজনকে আটক করে।
এ গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকজন জাপা নেতাকর্মী বান্দ রোড এলাকায় বিক্ষোভ করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে চকবাজার এলাকায় ক্রেতাদের প্রচণ্ড ভিড় রয়েছে। বিনা অনুমতিতে মিছিল কর্মসূচিতে জনভোগান্তি হতে পারে বলে তাদের জানানো হয়েছিল। জাপা নেতাকর্মীরা জেলা পরিষদ এলাকা থেকে ফিরে গিয়ে লঞ্চঘাট এলাকায় একটি হোটেলে লোকজন নিয়ে অবস্থান করেন এবং সাংবাদিকদের খবর দেন। এ কারণে মহসিন উল ইসলাম হাবুলকে ঘটনাস্থল থেকে তুলে এনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, তা নিশ্চিত করেননি ওসি।
- বিষয় :
- জাতীয় পার্টি