ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফিনল্যাল্ডের যুবক জামালপুরে এসে বসলেন বিয়ের পিঁড়িতে

ফিনল্যাল্ডের যুবক জামালপুরে এসে বসলেন বিয়ের পিঁড়িতে
×

মিকাইল ও শান্তিনা জাহান সিমি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২২:৩৪

প্রথমে আত্মীয়ের মাধ্যমে পরিচয়, এরপর মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথা বলতে বলতে একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে সুদূর ফিনল্যান্ড থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামে ছুটে এসেছেন এক যুবক। তার আগের নাম সিমোলা মিকা। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণের পর নাম পরিবর্তন করে রাখেন মিকাইল। এরপর পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে করেন দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শান্তিনা জাহান সিমিকে (২৬)। 

বিয়ের পর মিকাইল ও শান্তিনা এখন স্বামী-স্ত্রী হিসেবে শান্তিনার চাচা আনিসুর রহমানের বাড়িতে বসবাস করছেন। সম্প্রতি তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। ভিনদেশি বরকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।

কনের বাবা রফিকুল ইসলাম জানান, দেশের প্রচলিত আইন, সামাজিক রীতি ও শরিয়াহ অনুযায়ী মিকাইল ও সিমির বিয়ে সম্পন্ন হয়েছে। ধর্ম নিয়ে দুজনের মধ্যে আগেই আলোচনা হয়েছিল। সব নিয়ম মেনেই মিকাইল ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাংলাদেশে এসে প্রেমিকাকে বিয়ে করতে পেরে তিনিও খুশি।

শান্তিনার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় শান্তিনার প্রথম স্বামীর মৃত্যু হয়। এরপর আড়াই বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি। ফিনল্যান্ডে বসবাসরত এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তার পরিচয় হয়। এরপর মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথা বলতে বলতে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আসেন সিমোলা মিকা।

বিয়ের আনুষ্ঠানিকতার জন্য গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকারের কাছ থেকে আইনগত অনুমতিপত্র নেন সিমোলা মিকা। গত ২ অক্টোবর বাংলাদেশে এসে স্বেচ্ছায় খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি। পরে জামালপুর আদালতে হলফনামার মাধ্যমে নিজের নাম পরিবর্তন করে রাখেন মিকাইল। এরপর একই দিন ইসলামি রীতি অনুযায়ী শান্তিনা জাহানের সঙ্গে তার বিয়ে হয়।

আগামী ১৮ অক্টোবর ফিনল্যান্ডে ফিরে শান্তিনা জাহান ও তার সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবেন মিকাইল। সব প্রক্রিয়া শেষ হলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ফিনল্যান্ডে বসবাসের পরিকল্পনা রয়েছে তাদের।

শান্তিনা জাহান বলেন, ফিনল্যান্ডে তার ফুফা-ফুফু থাকেন। সেখানে গিয়ে বসবাস করলেও তার খারাপ লাগবে না। মিকাইলকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনিও খুশি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ফিনল্যান্ডের এক নাগরিক দৌলতপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করেছেন—এমন খবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে এর বেশি কিছু তিনি জানেন না।

আরও পড়ুন

×