নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় কারখানার রাস্তা বন্ধ, রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত
সংবাদ সম্মেলনে অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:০৫
| প্রিন্ট সংস্করণ
চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানার প্রবেশপথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে পি.আই. ওশান টেক্সের মালিক তৈয়ব মিয়া এই অভিযোগ করেন।
তাঁর দাবি, রাস্তা বন্ধ করে দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তৈয়ব মিয়া জানান, ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত তাঁর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় যাতায়াতের জন্য ১০ ফুট প্রশস্ত একটি এজমালি রাস্তা ব্যবহার করা হচ্ছিল। কিন্তু গত মার্চ মাসে এইচ এ এম মাহমুদুর রহমান নামে এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে তাঁর কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে রাস্তার ওপর দেয়াল নির্মাণ এবং ময়লা-আবর্জনা ও বয়লারের বর্জ্য ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মাহমুদুর তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও করেছেন। তৈয়ব জানান, এ ঘটনায় তিনি ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি এবং রাস্তার অধিকার প্রতিষ্ঠায় আদালতে মামলা করেছেন। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানান।
- বিষয় :
- চাঁদা