ফটিকছড়িতে বাবা ভান্ডারীর ১৬৪তম খোশরোজ শরিফ সম্পন্ন
ছবি: সমকাল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৩:৫৭
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত গাউছুল আজম শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী আল-মাইজভান্ডারীর (বাবা ভান্ডারী) তিন দিনব্যাপী ১৬৪তম খোশরোজ শরিফ সম্পন্ন হয়েছে। বুধবার রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো ভক্ত অংশ নেন।
গত সোমবার শুরু হওয়া এই খোশরোজ শরিফ উপলক্ষে দরবার শরিফের বিভিন্ন মঞ্জিল পৃথক কর্মসূচির আয়োজন করে। বুধবার বাদ ফজর গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে রওজা শরিফে গোসল দেওয়া হয়। পাশাপাশি খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল ও জিকির-আজকার অনুষ্ঠিত হয়।
দরবার সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও ভক্তরা এতে যোগ দেন। খোশরোজ উপলক্ষে সমগ্র এলাকাজুড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বসে।
বুধবার রাতে মুসলিম উম্মাহ ও বিশ্বের সব মানুষের সুখ-শান্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশিন শাহসুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাসানী আল-মাইজভান্ডারী। এ সময় শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।
আয়োজনে আসা ভক্তরা দরবার শরিফের বিভিন্ন রওজায় কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে প্রার্থনা করেন।
- বিষয় :
- ফটিকছড়ি