যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু
সংগৃহীত ছবি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৫:১৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই ভাই। নিহত দুই ভাই হলেন- শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাই আদ্রী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে, ছোট ভাই ওয়াদি ছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
নিহতদের পরিবার ও স্বজনেরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ভাই শাহ আদ্রী। তার মৃত্যুর ১১ দিন পর গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে পরিবারটির সম্পর্ক রয়েছে।
নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ভাই আদ্রীর মৃত্যু হয়। এর ১১ দিন পর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই ওয়াদি।
দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তাদের বাবা-মা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। আর দুই ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
এদিকে, শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুর ঘটনায় স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- বাংলাদেশি নিহত