লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার
চট্টগ্রাম থেকে উদ্ধার তিন স্কুলছাত্রী। ছবি-সমকাল
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:৩৫
বান্দরবানের লামা উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও শিক্ষার্থীদের স্বজনরা জানায়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তিন শিক্ষার্থী একসঙ্গে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি স্বজনরা। পরে তারা লামা থানায় বিষয়টি জানান এবং সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ তিন ছাত্রীর সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায়। এর মধ্যে বুধবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করার একটি ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে।
একসঙ্গে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা চট্টগ্রাম মহানগর পুলিশের খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসায় অভিযান চালান। সেখান থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার করা হয়েছে। তারা গৃহপরিচারিকার কাজের জন্য চট্টগ্রামের বাসাবাড়িতে অবস্থান করছিল বলে জানিয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।