ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে ৮ দিন বন্ধ থাকছে সোনামসজিদ স্থলবন্দর

দুর্গোৎসবে ৮ দিন বন্ধ থাকছে সোনামসজিদ স্থলবন্দর
×
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:৪৭

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, বন্ধের সময়ে ভারতের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর থেকে আমদানিপণ্যবাহী কোনো ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে সোনামসজিদ বন্দর থেকেও রপ্তানিপণ্যবাহী কোনো ট্রাক ভারতে যাবে না। তবে দুই দেশের খালি ট্রাক নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে। ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। ২৪ অক্টোবর থেকে বন্দর পুনরায় সচল হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে বন্দরে সীমিত পরিসরে পণ্য ওঠানো-নামানো, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে।

সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ফলে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

আরও পড়ুন

×