সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ফাইল ছবি
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২০:২৭
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করেছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্তের পর সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার সই করা এক বিবৃতিতে অবরোধ স্থগিতের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটন সড়কের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দলের প্রভাবে কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে এ কর্মসূচি দেওয়া হয়নি। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে অবরোধের ডাক দেওয়া হয়েছে। প্রশাসন দাবি পূরণ না করলে দুর্গোৎসবের পর আবারও কর্মসূচি পালন করা হবে। সাজেকবাসীর তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা গণবিজ্ঞপ্তিতে সাজেক পর্যটন ভ্যালির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়। এর ফলে পর্যটকদের জন্য সাজেকের পর্যটনকেন্দ্রগুলো আবারও উন্মুক্ত হলো।
- বিষয় :
- সাজেক
- অবরোধ প্রত্যাহার