ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অফিসকক্ষে দুই শিক্ষকের মারামারির ঘটনায় বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

অফিসকক্ষে দুই শিক্ষকের মারামারির ঘটনায় বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
×
×

ছবি: এআই জেনারেটেড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২০:৫৮

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষককে বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা বেগম। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিরোধের জেরে ১০-১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ভাইরাল হলে শিক্ষক সমাজসহ স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নজরে এলে গত বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন জমা দেওয়া হলে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং প্রশাসনিক স্বার্থে তাদের দুজনকেই বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তবে পারিবারিক কলহের কারণে প্রায় ১৪ বছর ধরে আলাদা বসবাস করছেন তারা। এই সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। ২০১১ সালের দিকে দুই শিক্ষকই একসঙ্গে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

আরও পড়ুন

×