দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ছবি- সমকাল
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২১:২২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ২১:২৪
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকার পর ২৪ অক্টোবর শনিবার থেকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে। এর সঙ্গে ১৬ ও ২৩ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা আট দিন বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যক্রম।
এ সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটান ও নেপালের সঙ্গে পণ্য পরিবহন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।
ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহার সই করা চিঠিতে বন্ধ ও পুনরায় কার্যক্রম চালুর তারিখ জানানো হয়েছে। একই চিঠিতে কালীপূজা উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর তিন দিন এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই দেশের স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে আমাদের শুল্ক দপ্তর খোলা থাকবে।
- বিষয় :
- বুড়িমারী স্থলবন্দর