ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ১১

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ১১
×
×

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২১:৩৯

নরসিংদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

দুপুরে রায়পুরা উপজেলার নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রী নিহত হন। তিনি রায়পুরা উপজেলার মেথীকান্দা গ্রামের নারায়ণ চন্দ্র শীলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা রায়পুরার দিকে যাচ্ছিল। পথে হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর এলাকার ১০ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় দুটি অটোরিকশাই দুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল শীলকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজগেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিক নিহত হন। তিনি উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

একই দিন সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় ইটবাহী ট্রলির চাপায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নোহা পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।

তিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

আরও পড়ুন

×