ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন জিলা স্কুল

বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন জিলা স্কুল
×
×

ছবি- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২২:০২

শারদীয় দুর্গোৎসবের ছুটির আগে শেষ কর্মদিবসে বরিশাল নগরীর আছমত আলী খান ইনস্টিটিউশনে বসেছিল যুক্তির লড়াই। বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বরিশাল বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ছয় জেলার ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দিন শেষে চ্যাম্পিয়ন হয় বরিশাল জিলা স্কুল। রানার্সআপ হয়েছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের বিতার্কিক নাফিজ নিলয়। প্রথম রাউন্ড ও কোয়ার্টার ফাইনালেও শ্রেষ্ঠ বক্তা হয়েছিল সে।

‘ডিজিটাল আসক্তি রোধে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ থাকা উচিত’—বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করে বরিশাল জিলা স্কুল। বিপক্ষে লড়েছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকাল। সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে উৎসবের ১২তম আসরে পৃষ্ঠপোষকতা করছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। সকাল ১০টায় উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন।

প্রথম রাউন্ডে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে লালমোহন হা-মীম রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল জিলা স্কুল ও পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরাজিত দলগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে পরের পর্বে ওঠে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে বরিশাল জিলা স্কুলের কাছে হেরে বিদায় নেয় লালমোহন হা-মীম রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অন্য ম্যাচে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়া অন্য বিদ্যালয়গুলো হলো ভোলার লালমোহন হা-মীম রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট তুলে দেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশালের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী।

বক্তব্যে তিনি বিতার্কিকদের সময়োপযোগী যুক্তি উপস্থাপন ও শব্দচয়নের প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তিনির্ভর বিতর্ক শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। বিজ্ঞান মানুষকে স্বপ্ন দেখায়। বিজ্ঞান নিয়ে বিতর্কের আয়োজনের মাধ্যমে সমকাল শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন ও মেধার সমন্বয় ঘটাচ্ছে। যে দেশে বিজ্ঞানমনস্ক নাগরিকের সংখ্যা বেশি, সে দেশ সুখী-সমৃদ্ধ হয়। সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজন্মকে অনুসন্ধানী ও জ্ঞানপিপাসু হতে হবে। এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে কুসংস্কার, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সভাপতি নুর ইসলাম নিয়ন। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন বরিশাল জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্মত্য দেব হাওলাদার, পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজ, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণুপদ সরকার এবং লালমোহন হা-মীম রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিধান চন্দ্র রায়।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সহকারী অধ্যাপক আদনান সাকুর ও জান্নাতুল তাজরি, সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক সঙ্গীতা সরকার, বরিশাল ডিবেটিং অ্যাসোসিয়েশনের মহাসচিব মেহেদি হাসান শুভ, শাহনাজ ফাহিমা বীথি, ইয়াকুবজ্জামান নিবির, ইসতিয়াক আহমেদ জিওন, তাসমিয়া ইসলাম সানজিদা, লোহামা ইসলাম ও মো. রাফি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা সিমু। পুরো আয়োজনের সমন্বয় করেন সমকালের বরিশাল ব্যুরোর মো. মাইনুল ইসলাম চৌধুরী সুমন।

আরও পড়ুন

×