ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু

অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু
×
×

ছবি- সমকাল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২২:১৪

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এতে জরুরি মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক রোগী স্থানান্তরে চরম ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। চালকের অভাবে সরকারি অ্যাম্বুলেন্সের সেবা না পেয়ে হাসপাতালে আলেয়া বেগম নামে এক রোগীর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ হাওলাদার তার অসুস্থ স্ত্রী আলেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের চালক না থাকায় এবং দ্রুত বিকল্প ব্যবস্থা করতে না পেরে হাসপাতালেই আলেয়া বেগমের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স চালক গত ১ সেপ্টেম্বর অবসরে যান। এরপর দেড় মাসের বেশি সময় ধরে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি নতুন ভবনের গ্যারেজে ফেলে রাখা হয়েছে। চালক না থাকায় সরকারি সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় রোগীরা বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছেন। হাসপাতালকেন্দ্রিক এই সিন্ডিকেট সরকারি ভাড়ার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি অর্থ হাতিয়ে নিচ্ছে, যা দরিদ্র রোগীর জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব জানান, চালক অবসরে যাওয়ার পর থেকে সেবা বন্ধ রয়েছে। বিষয়টি লিখিতভাবে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত নতুন কোনো চালক পদায়ন করা হয়নি। এ ছাড়া হাসপাতালে চিকিৎসার কাজে নিয়োজিত আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা দ্রুত চালু করতে চালক প্রেষণে বা স্থায়ীভাবে পদায়নের জন্য জেলা সিভিল সার্জনকে নতুন করে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

×