ফুলবাড়িয়ায় জাল নোটসহ গ্রেপ্তার ৪
গ্রেপ্তার মোস্তফা ফকির, ইসমাইল বিশ্বাস, গোলাম মোস্তফা ও আবু সাঈদ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:০৩
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— বরগুনার তালতলী উপজেলার আ. রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮), রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৯), ফুলবাড়িয়ার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা এবং একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু সাঈদ (২৫)।
পুলিশ জানায়, শিবপুর গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে একটি চক্র জাল নোটের লেনদেন করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়। নোটগুলো ছয়টি বান্ডিলে রাখা ছিল।
পুলিশ আরও জানায়, গোলাম মোস্তফার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি শিবপুর গ্রামে বসবাস করছেন। তার বিরুদ্ধে জাল নোটের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল নোটের বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।