ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ছেঁউড়িয়ায় লালন স্মরণ, ঢাকায়ও আয়োজন

১৩৬তম তিরোধান দিবস আগামীকাল

ছেঁউড়িয়ায় লালন স্মরণ, ঢাকায়ও আয়োজন
×
×

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে আসছেন বাউল-ফকির, সাধু-গুরু ও ভক্তরা। গানের সুর আর ভাববিনিময়ে মুখর হয়ে উঠছে আখড়াবাড়ি প্রাঙ্গণ। গতকাল বৃহস্পতিবার তোলা - সমকাল

 সমকাল প্রতিবেদক ও কুমারখালী  (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৩৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৫৫

| প্রিন্ট সংস্করণ

মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস ১৭ অক্টোবর। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করেছে লালন একাডেমি। আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। অন্যদিকে, ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগেও থাকছে লালন স্মরণানুষ্ঠান।

লালনকে স্মরণ করতে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে জড়ো হতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল-ফকির, সাধু-গুরু ও ভক্তরা। তাঁদের পদচারণ, গানের সুর আর ভাববিনিময়ে মুখর হয়ে উঠছে আখড়াবাড়ি প্রাঙ্গণ। মরা কালিগঙ্গা নদীর তীরে চলছে মঞ্চ তৈরির কাজ, বসেছে গ্রামীণ মেলা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, আখড়াবাড়ির বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বসেছেন লালনভক্ত বাউল-সাধকরা। কেউ গাইছেন লালনের গান, কেউ ব্যস্ত ভাবের আদান-প্রদানে। 

চুয়াডাঙ্গা থেকে আসা ফকির শান্ত বলেন, ‘সারা বছর এই দিনের অপেক্ষায় থাকি। তিরোধান দিবসে দেশ-বিদেশের বাউল ও সাধুরা আখড়াবাড়িতে আসেন। একে অপরের মধ্যে ভাববিনিময় হয়।’

মানিকগঞ্জ থেকে আসা সাধু ফজলুল হক বলেন, ‘সাঁইজির প্রেমের টানে, মায়ার টানে কয়েক দিন আগেই আখড়াবাড়িতে এসেছি। তিন দিন অনুষ্ঠান হবে। আসতে পেরে খুশি।’

আখড়াবাড়ির খাদেম মোহাম্মদ শাহ আলী জানান, শনিবার সন্ধ্যায় গুরুকার্য দিয়ে শুরু হবে সাধুসঙ্গ। এরপর হবে রাখাল সেবা ও মধ্যরাতে অধিবাস। রোববার ভোরে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হবে। 

লালন একাডেমির এ আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

এদিকে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যা ৬টায় শুরু হবে আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শফিক হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।

আরও পড়ুন

×