উত্তরা-শ্রীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সমকাল প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৪৩
| প্রিন্ট সংস্করণ
বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ ও মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ও গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। দুই এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়। শ্রীপুরে ৯ শ্রমিক আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরা থেকে বিমানবন্দরমুখী সড়কেও যান চলাচল ব্যাহত হয়।
শ্রমিকদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য মজুরি বাড়াতে হবে। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়ি ভাড়া, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম সমকালকে বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের এক পর্যায়ে যানবাহনে হামলা চালান এবং পুলিশকে ধাওয়া করেন। পুলিশ পাল্টা ধাওয়া করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা বলেন, সেপ্টেম্বর মাসের বেতন বুধবার পরিশোধের কথা ছিল কর্তৃপক্ষের। কিন্তু তারা বেতন দেয়নি। উল্টো গতকাল কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বারবার আশ্বাস দিলেও বেতন না পেয়ে তারা মহাসড়কে নামতে বাধ্য হন। সময়মতো মজুরি না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন তারা; দৈনন্দিন খরচ মেটানো নিয়ে দুশ্চিন্তায় আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানায় এবং বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। এ সময় ৯ শ্রমিক আহত হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, আহত ৯ শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তারা অবরোধ অব্যাহত রাখেন। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।
- বিষয় :
- দাবি